RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

মার্কিন তত্ত্বাবধানে আবু ধাবিতে শান্তি বৈঠক, সক্রিয় ভূমিকা ভারতের

আমেরিকার তত্ত্বাবধানে আবু ধাবিতে শান্তি বৈঠকে বসল রাশিয়া ও ইউক্রেন, এই পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগ জারি রেখেছে ভারত।

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের আবহে এবার আবু ধাবিতে শুরু হয়েছে শান্তি বৈঠক। আমেরিকার তত্ত্বাবধানে এই বৈঠকে অংশ নিয়েছে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দল। নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় এবং শান্তি চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েভের পাশাপাশি ইউরোপের দেশগুলির সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে আমেরিকা।

এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি এই বিষয়ের সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষের সঙ্গেই কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। প্রসঙ্গত, সোমবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি কূটনীতির পরেই এই বৈঠকে বসেছে দুই দেশ। নিষেধাজ্ঞা শিথিল করে রাশিয়ার সঙ্গে ইউরোপের জ্বালানি সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে আমেরিকা। শীতের আগেই জ্বালানি ক্ষেত্রে সংঘর্ষবিরতি কার্যকর করাই এর মূল লক্ষ্য। তবে ট্রাম্পের এই পরিকল্পনায় ইউরোপের কিছু দেশ এবং মস্কোর পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কাটিয়ে আমেরিকার মধ্যস্থতায় আবু ধাবিতে আলোচনার টেবিলে এল দুই দেশ।