বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
সোভিয়েত আমলের পর সর্বাধিক, প্রতিরক্ষা বাজেটে রেকর্ড বরাদ্দ পুতিনের
ইউক্রেন যুদ্ধের আবহেই আগামী তিন বছরের জন্য রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল রাশিয়া।
রাশিয়ার পার্লামেন্ট আগামী তিন বছরের জন্য একটি রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপে সামরিক খাতে ৫০ ট্রিলিয়ন রুবলের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটাই রাশিয়ার সামরিক খাতে সর্বোচ্চ বরাদ্দ। আগের বাজেট পরিকল্পনার তুলনায় এবারের বরাদ্দ প্রায় ৩৩ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, সামরিক খাতে এই বিপুল ব্যয় বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু অসামরিক খাতে বরাদ্দ কমানো হবে। এর মধ্যে জাতীয় অর্থনীতিতে অর্থায়ন, আবাসন ও স্বাস্থ্যসেবা খাতের মতো ক্ষেত্রগুলি রয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে এই বাজেট বরাদ্দ বৃদ্ধি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে যুদ্ধের জেরে রাশিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। পুতিন নিজেই স্বীকার করেছেন যে ইউক্রেনের হামলায় দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি ঘাটতির জেরে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ জটিল হয়ে উঠেছে।