RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

খাট ভেঙেছিলেন সলমন ও মাধুরী, শুটিংয়ের স্মৃতি শেয়ার করলেন সূরজ বরজাতিয়া

হাম আপকে হ্যায় কৌন সিনেমার শুটিংয়ের সময় কীভাবে খাট ভেঙেছিলেন সলমন ও মাধুরী, তা জানালেন পরিচালক সূরজ বরজাতিয়া।

চলচ্চিত্রের শুটিংয়ের নেপথ্যে নানা মজার ঘটনা ঘটে থাকে, যা অনেক সময় ক্যামেরার আড়ালেই থেকে যায়। এবার নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘হাম আপকে হ্যায় কৌন’ শুটিংয়ের একটি অজানা কথা প্রকাশ্যে আনলেন পরিচালক সূরজ বরজাতিয়া। এক রিয়ালিটি শোয়ে এসে তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় কীভাবে খাট ভেঙে ফেলেছিলেন সলমন খান ও মাধুরী দীক্ষিত।

সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছিল, মাধুরী দীক্ষিত বিয়ের আসর থেকে জুতো চুরি করে পালাচ্ছেন এবং সলমন খান তাঁকে আটকাতে দৌড়াচ্ছেন। জুতো নিয়ে এই দৌড়োদৌড়ির সময় দু’জনেই একটি বিছানার উপর পড়ে যান এবং সেটি ভেঙে যায়। পরিচালক জানান, এই দৃশ্যটি সম্পূর্ণ কাল্পনিক নয়। তাঁর ১৩ বছর বয়সে মুম্বইয়ের এক বিয়েবাড়িতে তিনি এমন একটি ঘটনা দেখেছিলেন। সেই বাস্তব অভিজ্ঞতাকেই পরে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলেন তিনি।

নব্বইয়ের দশকে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। সলমন ও মাধুরীর অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে সেই জুতো চুরির দৃশ্যের নেপথ্যে থাকা এই মজার ঘটনাটি এতদিন অজানা ছিল ভক্তদের কাছে। কপিল শর্মার শোয়ে এসে সেই স্মৃতি রোমন্থন করেন পরিচালক।