RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

শারীরিক অসুস্থতা ও কাজহীনতা, শরদ কাপুরের পাশে সলমন ও সোনু

শারীরিক সমস্যা ও কাজ না থাকা অভিনেতা শরদ কাপুরের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান ও সোনু সুদ।

গুরুতর শারীরিক সমস্যা ও কাজ না থাকার কারণে চরম বিপাকে পড়েছেন অভিনেতা শরদ কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলিউডের সহকর্মীদের কাছে সাহায্যের আর্জি জানান তিনি। এরপরই তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সলমন খান ও সোনু সুদ।

ভাইজান খ্যাত সলমন খান শরদ কাপুরের সঙ্গে যোগাযোগ করে তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, আর্থিকভাবেও তাঁকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সলমন। অন্যদিকে, শরদের পায়ের চোটের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সোনু সুদ। অভিনেতার চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসক দল পাঠানো হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন শরদ। এর জেরে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কঠিন এই পরিস্থিতিতে সলমন ও সোনুর এই সহযোগিতায় কিছুটা স্বস্তি পেয়েছেন শরদ কাপুর।

এদিকে, কাজের জন্য আর্জি জানানোর পর শরদ একটি হলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। আগামী জানুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হতে পারে বলে জানা গিয়েছে। এই ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হতে চলেছে তাঁর।