খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
জন্মদিনে অসহায় মহিলাকে বাড়ি উপহার, সামাজিক কাজে সময় কাটল সঞ্জুর
জন্মদিনে অসহায় মহিলাকে বাড়ি উপহার দিয়ে এবং বৃদ্ধাশ্রমে সময় কাটিয়ে খবরের শিরোনামে এলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন।
জন্মদিনটি অন্য ভাবে কাটালেন ভারতীয় উইকেটকিপার সঞ্জু স্যামসন। জন্মদিনে কেক কেটে বা পার্টি করে সময় কাটানোর বদলে দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। প্রায় ১০ বছর ধরে মাথা গোঁজার ঠাঁই না থাকা এক মহিলার জন্য পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন তিনি। সঞ্জুর নিজের নামে একটি ফাউন্ডেশন রয়েছে। সোশাল মিডিয়ায় সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সঞ্জুর মা ওই মহিলার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিচ্ছেন। এই খবর জানতে পেরে নিজে উদ্যোগী হয়ে ওই মহিলার জন্য ঘর বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সঞ্জু।
শুধু তাই নয়, জন্মদিনের পাশাপাশি নিজের ফাঁকা সময়ে কেরলের একটি বৃদ্ধাশ্রমেও গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখানে গিয়ে বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে সময় কাটান তিনি। নিজের হাতে তাঁদের প্লেটে খাবার তুলে দেন এবং সকলের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। এর আগেও নানা সামাজিক কাজে যুক্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। অনাথ আশ্রমে গিয়ে ছোট বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
চলতি বছরটা বেশ ভালো গিয়েছে সঞ্জুর। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সম্প্রতি তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরল দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।