ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
রাঁচিতে মেয়েদের ফুটবল ও শিক্ষার প্রসারে শচীন কন্যার নতুন উদ্যোগ
ঝাড়খণ্ডের রাঁচিতে সুবিধাবঞ্চিত মেয়েদের ফুটবল ও শিক্ষার প্রসারে নতুন স্কুল ক্যাম্পাস গড়ার ঘোষণা করল শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশন।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সুবিধাবঞ্চিত মেয়েদের পড়াশোনা ও ফুটবল প্রশিক্ষণের সুযোগ বাড়াতে নতুন স্কুল ক্যাম্পাস গড়ার ঘোষণা করল শচীন তেণ্ডুলকর ফাউন্ডেশন। সংস্থার ডিরেক্টর সারা তেণ্ডুলকর রাঁচিতে একটি অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের কথা জানান।
যুব ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে শচীনের ফাউন্ডেশন। এর আগে ২০২৪ সালের এপ্রিলে শচীন তেণ্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি তেণ্ডুলকর এই স্কুলটি পরিদর্শন করেছিলেন। সেই সময় থেকেই মেয়েদের এগিয়ে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশন। নতুন এই পদক্ষেপে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও জীবনদক্ষতা শেখানোর ওপর জোর দেওয়া হয়েছে।
এই সফরে সারার সঙ্গে ছিলেন সানিয়া তেন্ডুলকরও। তাঁরা স্কুলের পঠনপাঠন এবং ফুটবল প্রশিক্ষণ ঘুরে দেখেন এবং পড়ুয়াদের সঙ্গে সময় কাটান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা যাতে উপযুক্ত সুযোগ পেয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যুব-র কিছু প্রাক্তনী এর আগে আন্তর্জাতিক স্তরের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। নতুন এই ক্যাম্পাস সেই পথকে আরও সহজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।