RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

সিরাজের বাদ পড়া নিয়ে বিতর্ক, গম্ভীরের সমর্থনে মুখ খুললেন সরফরাজ খান

সিরাজের বাদ পড়া নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন কোচ গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে পুরনো স্মৃতির কথা শোনালেন সরফরাজ খান।

মহম্মদ সিরাজকে দল থেকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটে শোরগোল শুরু হয়েছে। উঠেছে নানা প্রশ্নও। ঠিক এই পরিস্থিতিতেই টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের সমর্থনে এগিয়ে এলেন সরফরাজ খান। অতীতে তাঁকেও দল থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সরফরাজ জানিয়েছেন, সেই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর।

ঘরোয়া ক্রিকেটে বারবার ভালো খেলেও সরফরাজকে সুযোগ না পাওয়ার অভিযোগ রয়েছে। অতীতে তাঁকে দল থেকে বাদ দেওয়ার সময় ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। এমনকি তাঁর পদবি নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। ঠিক যেমন বর্তমানে সিরাজের বাদ পড়া নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের আবহ তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বাদ পড়া নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন।

তবে এই বিতর্কের মাঝেই সরফরাজ প্রকাশ্যেই গম্ভীরের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর বাদ পড়ার কঠিন সময়ে ফোন করেছিলেন কোচ। তিনি বলেন, “জিজি স্যর আমাকে দু’বার ফোন করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, এসব বিষয়ে নাক গলাতে না। রাজনীতি থেকে দূরে গিয়ে খেলায় মনোযোগ দিতে।” সরফরাজ আরও জানান, সেই সময় তাঁর স্ত্রী ও বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গৌতম গম্ভীর নিজে সরফরাজের বাবার সঙ্গেও কথা বলেন। সরফরাজের দাবি, কোচ তাঁর বাবাকে বলেছিলেন বাইরের কথায় কান না দিয়ে ছেলেকে ক্রিকেট খেলতে দিতে। এমনকি প্রয়োজনে তাঁকে জানাতেও বলেছিলেন গম্ভীর। তবে এরপরেও জাতীয় দলে আর নিয়মিত সুযোগ পাননি সরফরাজ। বর্তমানে সিরাজের বাদ পড়া ঘিরেও সেই একই রকম বিতর্কের ছায়া দেখছেন অনেকে।