RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

৫০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি, মোদিকে চিঠি চন্দ্রবাবুর

দেশের অর্থনীতি থেকে দুর্নীতি ও কালো টাকা দূর করতে ৫০০ ও ২০০০ টাকার নোট বাতিলের আর্জি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

দুর্নীতির চক্র ভাঙতে এবং ডিজিটাল লেনদেন বাড়াতে ৫০০ ও ২০০০ টাকার নোট বাতিলের দাবি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি এই আবেদন জানিয়েছেন। তাঁর মতে, ভবিষ্যতে ডিজিটাল কারেন্সি এবং প্রযুক্তিচালিত শাসনব্যবস্থাই একমাত্র পথ।

চন্দ্রবাবুর দাবি, বড় অঙ্কের নোট বাতিল করা হলে দেশের কালো টাকা এবং দুর্নীতির কারবার বন্ধ করা সহজ হবে। এর ফলে সম্পদ সৃষ্টি এবং দারিদ্র দূরীকরণের প্রক্রিয়াও গতি পাবে। তিনি জানিয়েছেন, বাজারে শুধুমাত্র ১০০ এবং ২০০ টাকার নোট রাখা উচিত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর কালো টাকা ও জাল নোট রুখতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও পরবর্তী সময়ে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট বাজারে আনা হয়। অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে, তবে সেগুলি আইনিভাবে এখনও বৈধ রয়েছে।