কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
নিউটাউনে ক্লক টাওয়ারের কাছে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা
নিউটাউনের ক্লক টাওয়ারের কাছে পাম্প হাউজের পাশ থেকে উদ্ধার করা হলো এক নিরাপত্তারক্ষীর দেহ।
নিউটাউনের ক্লক টাওয়ার চত্বরে এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুলগ্ন দে। তিনি ওই এলাকায় নাইট ডিউটির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা ক্লক টাওয়ারের পাশে পাম্প হাউজের কাছে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন।
সহকর্মীদের দাবি, পাম্প হাউজের বৈদ্যুতিক তারের কাছেই দেহটি পড়েছিল। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিউটাউন থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।