RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

তেলেঙ্গানায় সেনার গাড়ি উল্টে আহত ৭ জওয়ান, আশঙ্কাজনক ২

তেলেঙ্গানায় নিয়ন্ত্রণ হারিয়ে সেনার একটি ট্রাক গাছে ধাক্কা মারায় আহত হয়েছেন সাতজন জওয়ান।

তেলেঙ্গানায় সেনার একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন অন্তত সাতজন কর্মী। তাঁদের মধ্যে দু'জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। হায়দরাবাদের একটি ক্যাম্প থেকে প্রশিক্ষণ অনুশীলনের জন্য গাড়িটি অন্য একটি শহরের দিকে যাচ্ছিল। রঙ্গারেড্ডি জেলার কাছে পৌঁছনোর পর হঠাৎই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরে বাহনটি পরপর কয়েকটি পাল্টি খেয়ে রাস্তার ধারের একটি গাছে গিয়ে ধাক্কা মারে।

স্থানীয় সূত্রে খবর, সেনার ওই গাড়িটিতে প্রায় চৌদ্দজন কর্মী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্য কোনও যানবাহনের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটেনি। গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও সেনার পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।