ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজস্থানে নুডলস খেয়ে মৃত্যু ৭ বছরের শিশুর, অসুস্থ দিদি
রাজস্থানে নুডলস খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল সাত বছরের এক শিশু, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার দিদি।
রাজস্থানে নুডলস খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ল সাত বছরের এক শিশু। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়ে তার বড়দিদিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে। গত ১৯ নভেম্বর এই ঘটনাটি ঘটে। বাড়িতে বাবা-মা না থাকার সময় দুই বোন নিজেরাই নুডলস রান্না করে খায়। খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে। দুপুর তিনটে নাগাদ বাড়ি ফিরে তাদের মা দেখতে পান বড় মেয়ে দিব্যাংশী অসুস্থ এবং ছোট মেয়ে পিহু অচেতন অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পিহুকে মৃত বলে ঘোষণা করেন। অসুস্থ দিব্যাংশীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে এখন সুস্থ রয়েছে বলে পরিবার জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। এর নেপথ্যে অন্য কোনও কারণ বা চক্রান্ত রয়েছে কি না, তাতি খতিয়ে দেখছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই শিশুদের দাদা গোবিন্দও মাস দুয়েক আগে অনুরূপভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।