RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে তীব্র রক্তের আকাল, ২২ নভেম্বর নেতাজি ইন্ডোরে রক্তদান মেলার আহ্বান

রাজ্যজুড়ে তীব্র রক্ত সংকট মেটাতে আগামী ২২ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান মেলার আয়োজন করেছে রাজ্য সরকার।

রাজ্যজুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। বর্তমানে সমস্ত জেলা মিলিয়ে মজুত রয়েছে মাত্র ১০ হাজার ১৫০ ইউনিট রক্ত। অথচ রাজ্যে প্রতিদিন প্রায় তিন হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, ক্যানসার আক্রান্তদের চিকিৎসা এবং বড় অস্ত্রোপচারের জন্য এই রক্ত অত্যন্ত জরুরি। জোগান কমে যাওয়ায় স্বাস্থ্য ভবন এবং চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই সংকট কাটাতে আগামী ২২ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ রক্তদান মেলার আয়োজন করেছে রাজ্য সরকার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় এই রক্তদান মেলায় অংশ নিতে রাজ্যের সমস্ত ক্লাবকে আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২২ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টার মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হতে হবে ক্লাবগুলির সদস্যদের। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নেতাজি ইন্ডোরে আসার পাশাপাশি ক্লাবগুলি চাইলে নিজেদের এলাকায় আলাদা করেও রক্তদান শিবিরের আয়োজন করতে পারে। বর্তমান পরিস্থিতিতে রক্ত আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকমহল।

পরিসংখ্যান বলছে, কলকাতার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এই মুহূর্তে মাত্র ১ হাজার ১০০ ইউনিট রক্ত রয়েছে। এ ছাড়া হাওড়ায় ২০০ ইউনিট, উত্তর ২৪ পরগনায় ৪৩০ ইউনিট এবং দক্ষিণ ২৪ পরগনায় মাত্র ২০০ ইউনিট রক্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে রক্তদানকে সামাজিক কর্তব্য হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ব্লাড ডোনার অর্গানাইজেশনের জাতীয় সভাপতি বিশ্বরূপ বিশ্বাস। তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।