RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড় ও বৃষ্টি, বাতিল বহু উড়ান

প্রবল ঝড় ও বৃষ্টির জেরে আমেরিকার পূর্ব উপকূলে জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ এবং বাতিল হয়েছে বহু উড়ান।

প্রকৃতির বৈরী আচরণে বিপর্যস্ত আমেরিকার পূর্ব উপকূল। প্রবল ঝড় ও একটানা বৃষ্টির কারণে লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝোড়ো হাওয়ায় গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে ভার্জিনিয়া এবং মিউরি। দেশজুড়ে সাত কোটির বেশি মানুষ বন্যা সতর্কতার মুখোমুখি হয়েছেন। বৈরী আবহাওয়ার জেরে বহু সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তুষারপাতও। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সমস্যা তৈরি হয়েছে। গতকাল থেকে চারশোর বেশি উড়ান বাতিল করা হয়েছে। এছাড়া দুই হাজারের বেশি বিমান চলাচলে দেরি হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতি হওয়ায় নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং প্যারেড শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শতবর্ষের ইতিহাসে এই প্রথম এই প্যারেড স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই পরিস্থিতির উন্নতির কোনও সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উদ্ধারকাজ চলছে। সাধারণ মানুষের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মার্কিন নাগরিকদের একাংশের ছুটির পরিকল্পনা এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাহত হয়েছে।