কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলেজ স্ট্রিটে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে তুলকালাম, ইট ও বোমা ছোড়ার অভিযোগ
বইয়ের স্টল স্থাপন নিয়ে কলেজ স্ট্রিটে এসএফআই ও এবিভিপি সংঘর্ষে জড়াল, পুলিশি বেষ্টনী ভেঙে ইট ও বোমা ছোড়ার অভিযোগ উঠল।
বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার কলেজ স্ট্রিট চত্বর। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিবাদের জেরে বুধবার এসএফআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দুই পক্ষই বিক্ষোভে ফেটে পড়ে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার এসএফআইয়ের পক্ষ থেকে বুক স্টল দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে। লালবাজারের অনুমতি না থাকায় পুলিশ প্রায় ৫০ জন সমর্থককে আটক করে। পরে রাতে অনুমতি মিললেও শর্ত দেওয়া হয় যে কোনও স্থায়ী স্টল করা যাবে না। এরপর বুধবার সকালে এবিভিপিও পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুঃপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসএফআইয়ের দিক থেকে ইট ছোড়া হয় এবং এবিভিপির পক্ষ থেকেও চকোলেট বোমা ও ডিম ছোড়ার অভিযোগ ওঠে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন সমর্থকরা।
দুপুরে কলেজ স্ট্রিটের ওই স্টল পরিদর্শনে আসেন সিপিএম নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তী। বিমান বসু যখন গাড়ি উঠছিলেন, তখন এবিভিপি সমর্থকরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।