পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বাঁকুড়ায় এসএফআইয়ের বুক স্টলে হামলা, বাধা দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম
বাঁকুড়ায় এসএফআইয়ের বুক স্টলে ভাঙচুরের অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম।
বাঁকুড়ায় এসএফআইয়ের একটি বুক স্টলে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, এ দিন বাঁকুড়ায় এসএফআইয়ের লালমাটির বৈঠকখানা নামে একটি বুক স্টলে চার জন দুষ্কৃতী হামলা চালায়। স্টলে থাকা সমস্ত বইপত্র রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করতে এগিয়ে যান প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। অভিযোগ, হামলাকারীরা তাঁর মোবাইল ফোনটি ভেঙে দেয় এবং তাঁকেও হেনস্থা করে।
এই ঘটনার পেছনে বিজেপি এবং আরএসএস-এর হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সিপিএমের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়েছে। অন্য দিকে, এসএফআইয়ের তরফে জানানো হয়েছে, সুদীপ্ত গুপ্তর জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁর ছবিতে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তাঁরা। অন্য কোথাও কোথাও কালীপুজোর দিনেও বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে।