খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
শামিকে দলে রাখা উচিত ছিল, মত ওয়াসিম জাফরের
নিউজিল্যান্ড সফরে মহম্মদ শামিকে দলে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রাক্তন জাতীয় ওপেনার ওয়াসিম জাফর।
নিউজিল্যান্ড সফরে মহম্মদ শামিকে রাখা উচিত ছিল বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শামির এখনও টেস্ট খেলার যোগ্যতা রয়েছে এবং তাঁকে দলে না রাখা অবাক করার মতো বিষয়। ঘরোয়া ক্রিকেটে শামির পারফরম্যান্সের প্রশংসা করে জাফর জানান, বাংলার জার্সিতে এবং পূর্বাঞ্চলের হয়ে তিনি নিয়মিত উইকেট পেয়েছেন এবং তাঁর বলের গতি কমেনি। রবি শাস্ত্রীর বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জাফর বলেন, শামির এখনও বহু উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে।
পাশাপাশি, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে বর্তমান টিম ম্যানেজমেন্টের ভাবনাতেও সমর্থন জানাননি প্রাক্তন জাতীয় ওপেনার। তাঁর মতে, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কোনও আলোচনা করা অর্থহীন। বিশ্বকাপের আগে দলে বড় ধরনের পরিবর্তন না করে টুর্নামেন্টের পরেই তা করা উচিত বলে মনে করেন তিনি। শুভমান গিলের মতো তরুণ অধিনায়কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলের পক্ষে সহায়ক হবে বলে জানিয়েছেন জাফর।
এছাড়া দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের উইকেট নিয়েও প্রশ্ন তুলেছেন জাফর। তাঁর মতে, অতিরিক্ত ঘূর্ণি বা র্যাঙ্ক টার্নার উইকেট আদতে প্রতিপক্ষ দলকেই সুবিধা পাইয়ে দিচ্ছে। ভালো উইকেটে ভারতের পারফরম্যান্স সবসময় ভালো হয় বলে দাবি করেন তিনি।