RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আওয়ামি লিগ কর্মীদের দেশে ফেরার বার্তা হাসিনার, বাড়ছে রাজনৈতিক তৎপরতা

বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণার পর দলের কর্মীদেরও স্বদেশে ফেরার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

বিজয় দিবসে দেশে ফেরার কথা ঘোষণা করার পাশাপাশি দলের নির্বাসিত নেতা-কর্মীদেরও দ্রুত স্বদেশে ফেরার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লিগ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। দলের দাবি, ইতিমধ্যে কয়েকশো নেতা-কর্মী গোপনে দেশে ফিরে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি প্রশাসন ও পুলিশের একাংশের সহযোগিতাও পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে। আওয়ামী লিগ সূত্রে খবর, গত ৫ আগস্টের পর যাঁরা দেশ ছেড়েছিলেন, নেত্রীর নির্দেশ পেয়ে তাঁরা এবার ফিরতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের মালদহের মেহেদিপুর স্থলবন্দর দিয়ে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদের এক সদস্যসহ বেশ কয়েকজন দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে আরও প্রকাশ, শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অনলাইন বৈঠকের মাধ্যমে তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে উপযুক্ত পথেই তিনি স্বদেশে ফিরবেন। এই রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।