RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

ভক্তদের জন্য বিশেষ সুযোগ, একদিনের জন্য ‘ভাড়া’ পাওয়া যাচ্ছে শিবপ্রসাদকে

সিনেমার প্রচারের জন্য অভিনব কৌশল নিলেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, একদিনের জন্য ভক্তদের বাড়ির অতিথি হওয়ার সুযোগ দিচ্ছেন তিনি।

প্রিয় তারকার সঙ্গে সময় কাটাতে চান অনেকেই। তবে এবার ভক্তদের বাড়ির অতিথি হওয়ার সুযোগ করে দিচ্ছেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের জন্য ‘ভাড়া’ পাওয়া যাচ্ছে তাঁকে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সুমন ঘোষ পরিচালিত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘ফ্যামিলিওয়ালা’। সেই ছবির প্রচারের অংশ হিসেবেই এই অভিনব কৌশল নিয়েছে প্রযোজনা সংস্থা। উইন্ডোজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে জানানো হয়েছে, অভিনেতা ভক্তদের পরিবারের একজন হয়ে উঠতে চান। গল্প, আড্ডা এবং হাসির মাধ্যমে তৈরি হতে পারে নতুন সম্পর্ক। এই বিশেষ সুযোগ পেতে হলে ভক্তদের নিজেদের পরিবারের গল্প জানাতে হবে প্রযোজনা সংস্থাকে। জানাতে হবে কেন তারা চান অভিনেতা তাঁদের পরিবারের অংশ হোন। এর মধ্যে থেকে চারজন বিশেষ ভক্তের বাড়িতে পৌঁছে যাবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একদিনের জন্য তাঁদের পরিবারের হাসি-কান্নার সঙ্গী হবেন অভিনেতা। সিনেমার প্রচারে এই ব্যতিক্রমী কৌশল ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।