খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
বোতলের ছিপি দিয়ে বল বিকৃতি করত পাকিস্তান, মন্তব্য আখতারের
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যের পর বল বিকৃতি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করলেন শোয়েব আখতার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০১৮ সালের বল বিকৃতি বিতর্ক। খোয়াজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ঘটনার কথা দলের সকলেই জানতেন। এই প্রসঙ্গের ট টানেই মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।
একটি সাক্ষাৎকারে আখতার জানিয়েছেন, অতীতে তাঁদের দলও বল বিকৃতির মতো কাজে যুক্ত ছিল। ইংল্যান্ডে খেলার সময় তাঁরা স্যান্ডপেপার ব্যবহার না করলেও বোতলের ছিপি দিয়ে বলের আকৃতি বদলে দেওয়ার চেষ্টা করতেন। তাঁর মতে, রিভার্স সুইং করানোর জন্য বল নিয়ে বিভিন্ন কারচুপি করা হলেও সেই বিষয়ে পুরো দলেরই জানাশোনা থাকত। দলীয় সম্মতি ছাড়া এমন কাজ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
তবে এই বিষয় নিয়ে অতিরিক্ত হইচই না করার পক্ষে মত দিয়েছেন প্রাক্তন এই গতিদানব। খোয়াজা সত্যিটা সামনে এনে সঠিক কাজই করেছেন বলে তাঁর অভিমত। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজের পুরনো সতীর্থদের অনেক ভুলত্রুটি নিয়ে কথা বলার সুযোগ থাকলেও তিনি কাউকে বিপদে ফেলতে চান না। অতীতে তাঁদের দলের বেশ কিছু ঘটনা নিয়ে কথা না বাড়ানোর কথাই বলেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের সেই কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ডে অতীতে শাস্তি পেয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। সম্প্রতি খোয়াজা এবং ব্যানক্রফট দুজনেই দাবি করেছেন যে এই বিষয়ে গোটা দলেরই ওয়াকিবহাল থাকা সত্ত্বেও কেবল কয়েকজনকে বলির পাঁঠা করা হয়েছিল।