RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

মুম্বই দলে শ্রেয়স আইয়ার, কিপিংয়ে নজর কেকেআর তারকা অঙ্গকৃষের

সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্বে মুম্বই দলে যোগ দিচ্ছেন শ্রেয়স আইয়ার। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কেকেআর তারকা অঙ্গকৃষ রঘুবংশী।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সুপার লিগ পর্বে শক্তি বাড়াতে মুম্বই দলে যোগ দিচ্ছেন শ্রেয়স আইয়ার। সরাসরি নাগপুরে দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। দলের অন্দরের খবর, উইকেটকিপার-ব্যাটার হার্দিক তামোরের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারেন শ্রেয়স।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে হার্দিক না খেলে উইকেটের পিছনে দায়িত্ব সামলান অঙ্গকৃশ রঘুবংশী। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অতীতে কিপিং করা অঙ্গকৃশ এই ম্যাচে ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেন। ৩৪ বলে ৫১ রান করার পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনটি শিকার করেন তিনি।

প্রথমে ব্যাট করে মুম্বই ১৯.৫ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। অঙ্গকৃষ ছাড়াও ব্যাট হাতে রান পান মুশির খান, যিনি করেন ৬৫ রান। এছাড়া হার্দিক করেন ৩৯ এবং সরফরাজ খান করেন ৩১ রান। তবে রান পাননি সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। জবাবে ব্যাট করতে নেমে উত্তরাখণ্ডের ইনিংস শেষ হয়ে যায় ১২৩ রানে। মুম্বইয়ের হয়ে বোলিংয়ে দুর্দান্ত প্রদর্শন করেন অথর্ব আঙ্কোলেকর ও মুশির খান।

গ্রুপ পর্বে সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে এবং একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে জায়গা করে নিয়েছে মুম্বই। এই গ্রুপ থেকে রানার্স হয়ে পরের রাউন্ডে উঠেছে বিদর্ভ।