RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

শীতে ইঁদুরের উপদ্রব কমাতে রইল সহজ কিছু ঘরোয়া উপায়

শীতকালে রান্নাঘরে ইঁদুরের উপদ্রব থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু পদ্ধতি মেনে চলা যেতে পারে।

শীতের সময়ে রান্নাঘরে ইঁদুরের উৎপাত বাড়তে দেখা যায়। উষ্ণতা ও খাবারের সহজলভ্যতার কারণে এই ঋতুতে রান্নাঘর তাদের পছন্দের আস্তানা হয়ে ওঠে। ইঁদুরের উপদ্রব থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সহজ পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

প্রথমেই বাড়ির বিভিন্ন দেয়ালের ফাটল ও গর্তগুলি ভালোভাবে বন্ধ করতে হবে। পাইপ বা তারের আশপাশের ফাঁকফোকর সিমেন্ট কিংবা ধাতু নির্মিত জাল দিয়ে ঢেকে দেওয়া প্রয়োজন।

রাত নামলে ইঁদুরের সক্রিয়তা বৃদ্ধি পায়। তাই ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে রাখা অত্যন্ত জরুরি। মেঝে মুছে নেওয়া, ওভেনের তলা পরিষ্কার রাখা এবং খাবার খোলা না রাখা ভালো। সিঙ্কে এঁটো বাসন ফেলে না রাখলে ইঁদুরের আকর্ষণ কমে।

অপ্রয়োজনীয় কাগজের বাক্স বা থলের স্তূপের আড়ালে ইঁদুর লুকিয়ে থাকে। তাই ঘরের কোণগুলি পরিচ্ছন্ন রাখা উচিত।

শুকনো খাবার বা খোলা ফল শক্ত প্লাস্টিক কিংবা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা দরকার। পোষ্য প্রাণীদের খাবারও রাতেরবেলা সরিয়ে ফেলা উচিত।

এছাড়া রান্নাঘরের সম্ভাব্য প্রবেশপথে পেপারমিন্ট অয়েল ব্যবহার করা যেতে পারে। এর কটূ গন্ধে ইঁদুরেরা যাতায়াতের পথ খুঁজে পায় না এবং ওই এলাকা থেকে দূরে থাকে।