জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
ডিম ছাড়াই নরম কেক তৈরির সহজ উপায়, জেনে নিন বিকল্প উপকরণ
বাড়িতে ডিম না থাকলেও কেক নরম ও তুলতুলে করা সম্ভব। রান্নাঘরের কয়েকটি বিকল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু কেক।
কেক বানানোর সময় বাড়িতে ডিম না থাকলে চিন্তার কোনও কারণ নেই। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই কেক নরম ও তুলতুলে করা সম্ভব। ডিমের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে দই, ঘোল, ভিনিগার বা পাকা কলা। রান্নার বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলি কেকের গঠন ও স্বাদ বজায় রাখতে সাহায্য করে।
ডিমের পরিবর্তে দই দারুণ কাজ করে। শুকনো উপকরণ ভালো করে বাঁধতে এক কাপের এক-চতুর্থাংশ দই একটি ডিমের সমপরিমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। একইভাবে, এক কাপের এক-চতুর্থাংশ ঘোলও একটি ডিমের বিকল্প হতে পারে।
এ ছাড়া, বেকিং সোডা ও ভিনিগার মিশিয়েও কেক তৈরি করা সম্ভব। একটি ডিমের পরিবর্তে এক চা চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার মেশাতে হবে। সাদা তেল, বেকিং পাউডার ও জলের মিশ্রণও এক্ষেত্রে কাজে লাগে। দেড় টেবিল চামচ সাদা তেলের সঙ্গে এক চা চামচ বেকিং পাউডার এবং দেড় টেবিল চামচ জল মিশিয়ে ডিমের বিকল্প তৈরি করা যায়।
পাকা কলা দিয়েও কেক নরম করা সম্ভব। তবে কলার স্বাদ কেকের সঙ্গে মানাবে কি না, তা দেখে নেওয়া প্রয়োজন। একটি ডিমের পরিবর্তে এক কাপের এক-চতুর্থাংশ চটকে নেওয়া পাকা কলা ব্যবহার করা যেতে পারে।