RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ, প্রশ্নের মুখে সিরাজ ও জাদেজার ভবিষ্যৎ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়ায় প্রশ্নচিহ্নের মুখে টিম ম্যানেজমেন্টের নীতি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলে রাখা হয়নি পেসার মহম্মদ সিরাজ এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। আর এই দল নির্বাচন নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা।

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে মহম্মদ সিরাজকে বাইরে রেখে একাদশে সুযোগ দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কম্বোজ এবং আকাশদীপকে। অতীতে নিয়মিত পারফর্ম করা সত্ত্বেও সিরাজকে এভাবে বসিয়ে দেওয়ায় ক্রিকেট মহলে নানা জল্পনা শুরু হয়েছে। দলের অধিনায়ক গিল অবশ্য সিরাজের বাদ পড়াকে স্রেফ দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, টেস্ট দল থেকেও বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কিউয়ি দলের টপ অর্ডারে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার থাকার যুক্তি দেখিয়ে জাদেজার বদলে খেলানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। ওয়ানডে দল থেকে আগেই বাদ পড়েছিলেন জাদেজা। এবার টেস্ট দলেও তাঁর প্রথম পছন্দের তকমা হারানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘদিন ধরে দলের পেস বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন সিরাজ। কিন্তু ম্যানেজমেন্টের নতুন নীতি এবং কম পরিচিত পেসারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।