পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
লরির ধাক্কায় ছাত্রের মৃত্যু, রণক্ষেত্র মাঝেরহাট এলাকা
টিউশন সেরে বাড়ি ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের।
টিউশন সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। এই মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাঝেরহাট এলাকা। মৃত ছাত্রের নাম আনমোল ঝা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মাঝেরহাট এলাকায়।পুলিশ সূত্রে খবর, একটি সিমেন্ট বোঝাই লরি ওই ছাত্রটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই চত্বরে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি চলছে। এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।