বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
স্বামী অঙ্কুশের সঙ্গেই ফের বিয়ে, ২৫তম বিবাহবার্ষিকীতে ভাইরাল স্মিতা বনশাল
বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় চর্চায় রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্মিতা বনশাল।
হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ স্মিতা বনশাল ফের একবার খবরের শিরোনামে এসেছেন। স্বামী অঙ্কুশ মোহলার সঙ্গে ২৫তম বিবাহবার্ষিকীতে খ্রিস্টান রীতি মেনে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। পঁচিশ বছর আগে গাঁটছড়া বাঁধার পর এবার ফের আংটি বদল ও বিয়ের পোশাকে দেখা গেল এই তারকা দম্পতিকে।
বিয়ের অনুষ্ঠানে সাদা গাউনে সেজেছিলেন ৪৮ বছর বয়সি অভিনেত্রী। অন্যদিকে টাক্সিডোতে নজর কেড়েছেন তাঁর স্বামী অঙ্কুশ। পরিবার, বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির সতীর্থদের নিয়ে এই উদযাপনে মেতে উঠেছিলেন তাঁরা। বিবাহবার্ষিকীর এই অনুষ্ঠানে নাচে-গানে ভরপুর পার্টির নানা মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
স্মিতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও। ধারাবাহিকে তাঁর পর্দার স্বামী অনুপ সোনিও কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন। দম্পতির এই রোম্যান্টিক মুহূর্ত দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।