ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সোনাক্ষী সিনহার ভুয়ো ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তারির পরও অভিযুক্তকে মুক্তি আদালতের
সোশাল মিডিয়ায় সোনাক্ষী সিনহার ভুয়ো নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেও যথাযথ আইনি প্রক্রিয়া না মানায় অভিযুক্তকে মুক্তি দিল মুম্বই আদালত।
সোশাল মিডিয়ায় নিজের বিকৃত ও ভুয়ো নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বান্দ্রা থানায় দায়ের করা তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে আইনি প্রক্রিয়া না মেনে গ্রেপ্তারের অভিযোগে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আদালত।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম দীপক জৈন। তাঁকে দিল্লির শাহদরা এলাকা থেকে গ্রেপ্তার করে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছিল। সোনাক্ষীর ভুয়ো ছবি তৈরি এবং তা সোশাল মিডিয়ায় ভাইরাল করার সঙ্গে তিনি যুক্ত বলে অভিযোগ। তদন্তের স্বার্থে এবং ছবি তৈরির ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।
তবে পুলিশের সেই আবেদন খারিজ করে দিয়েছে বান্দ্রা আদালত। শুনানিতে অভিযুক্তের আইনজীবীরা দাবি করেন, গ্রেপ্তারের আগে পুলিশ কোনও নোটিস দেয়নি এবং দিল্লি থেকে মুম্বইয়ে আনার আগে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনেও তাঁকে পেশ করা হয়নি। তাড়াহুড়ো করে এই গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। অভিযুক্তের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
আদালত জানিয়েছে, দিল্লি থেকে সরাসরি বান্দ্রা আদালতে আনার আগে নিয়ম মেনে অভিযুক্তকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা উচিত ছিল। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় এবং শুধু তদন্তের স্বার্থে কাউকে হেফাজতে রাখা যায় না বলে আদালত অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।