ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সোনম ওয়াংচুক গৃহবন্দি, লাদাখে আগামী ৬০ দিনের নিষেধাজ্ঞা
লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুককে ষাট দিনের জন্য গৃহবন্দি করল প্রশাসন, হিল কাউন্সিল ভোটের বিরোধিতার জেরে এই পদক্ষেপ।
লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামী ৬০ দিন তিনি বাড়ির বাইরে যেতে পারবেন না এবং কোনওরকম জমায়েত বা বিক্ষোভে অংশ নিতে পারবেন না। লেহ্-র অতিরিক্ত জেলাশাসক এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। পুলিশ সুপারের রিপোর্টের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
আগামী চার ডিসেম্বর লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোট রয়েছে। শীতের সময়ে এই নির্বাচনের আয়োজন করার শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন সোনম ও স্থানীয় নেতারা। তাঁদের বক্তব্য ছিল, তীব্র ঠান্ডার কারণে বহু মানুষ ভোটদানে অংশ নিতে পারবেন না। এই দাবিকে সামনে রেখে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন তিনি। পরে পুলিশ তাঁকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেয়।
গৃহবন্দি হওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সোনম। তিনি অভিযোগ করেছেন, তাঁর বাড়ির বাইরে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাঁর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলিও বন্ধ করার চেষ্টা চলছে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে তাঁর দাবি।