RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

সোনিয়ার আত্মকথার উদ্বোধনে বাংলার ছোঁয়া, কোন শাড়িতে নজর কাড়লেন তিনি

আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে সনিয়া গান্ধীর পরা বালুচরি শাড়ির সঙ্গে রয়েছে বাংলার বয়নশিল্পের গভীর যোগ।

নিজের আত্মজীবনী ‘বিলঙ্গিং’ প্রকাশ অনুষ্ঠানে সনিয়া গান্ধী যে শাড়িটি পরেছিলেন, তার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার বয়নশিল্প। তাঁর পরনের গোলানি বুটেদার বালুচরি শাড়িটি তৈরি হয়েছে খাঁটি মালদহ সিল্কে।

নীল এবং রানি গোলাপি সুতোয় বোনা এই শাড়িতে রয়েছে বেগুনি আভা। শাড়িটি বোনার জন্য অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল। চালানি পদ্ধতির মতো এতে পিছনের দিকে অতিরিক্ত সুতো ঝুলে থাকে না। প্রতিটি বুটির জন্য আলাদা সুতো ব্যবহার করা হয়। শাড়ির আঁচলে রয়েছে ঐতিহ্যবাহী বক্স পাল্লা নকশা।

শাড়ির জমিতে সবুজ, হলুদ ও হালকা হলুদ রঙের বুটি রয়েছে। পাড়ে রয়েছে দুই রঙের সূক্ষ্ম মিনাকারি কাজ। বস্ত্র সংরক্ষক পুপুল জয়করের সান্নিধ্যেই ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের প্রতি সোনিয়ার অনুরাগ তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।

প্রায় তিন থেকে পাঁচশো বছরের প্রাচীন বালুচরি শিল্পের সূচনা হয়েছিল মুর্শিদাবাদের বালুচর গ্রামে। পরবর্তীতে এই শিল্প বাঁকুড়ার বিষ্ণুপুরে স্থানান্তরিত হয়। বর্তমান সময়ে বেনারসেও এই ধরনের বুটেদার বালুচরি বোনা হয়ে থাকে।