পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
৮ বছর আরএসএস করেছি, দাবি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর
আরএসএস করার দাবি তুলে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করলেন ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই বিস্ফোরক দাবি করলেন ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর দাবি, তিনি ছোটবেলায় আট বছর আরএসএস করেছেন এবং সংঘের অফিসেও বসতেন। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
সম্প্রতি ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন কৃষ্ণেন্দুবাবু। এরপর ওই পুরসভার ১১ জন কাউন্সিলর নিজেদের নির্দল বলে ঘোষণা করেন। তাদের সমর্থনে বর্তমানে বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি পুরসভার চেয়ারম্যান হয়েছেন। এই রাজনৈতিক পটপরিবর্তনের পরেই কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে কৃষ্ণেন্দুবাবু জানান, রাজনীতি তাঁর নেশা এবং সব দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক রয়েছে। সামনের পুরভোটে তিনি লড়াই করবেন কি না, তা পরিস্থিতি দেখে ঠিক করবেন। তবে কংগ্রেস বা বিজেপি— কোনও দল থেকেই এখনও তাঁর কাছে কোনো প্রস্তাব আসেনি বলেও তিনি জানান।
কৃষ্ণেন্দুর এই দাবির তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, কৃষ্ণেন্দুবাবু অতীতে আরএসএস করতেন কি না, সে বিষয়ে তাঁদের কিছু জানা নেই। অন্যদিকে, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি কটাক্ষ করে জানান, তাঁর কখনও মনে হয়নি কৃষ্ণেন্দুবাবু সংঘ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কৃষ্ণেন্দুবাবুকে ‘দস্যু রত্নাকর’-এর সঙ্গে তুলনা করেছেন।