খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আইপিএলের দলবদল নিয়ে বিতর্কিত মন্তব্য, উনাদকাটকে ভুয়ো বোলার বললেন শ্রীকান্ত
আইপিএলের দলবদলের আবহে জয়দেব উনাদকাটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
আইপিএলের দলবদলের বাজারে একাধিক ক্রিকেটারের দল পরিবর্তন নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর মাঝেই মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এক শোয়ে শ্রীকান্ত দাবি করেছেন, জয়দেব উনাদকাটের বোলিং অ্যাকশন বা কৌশল অত্যন্ত নিম্নমানের। এমনকী তাঁকে ভুয়ো বোলার বলেও কটাক্ষ করেছেন তিনি। শ্রীকান্তের প্রশ্ন, সানরাইজার্স হায়দরাবাদ কেন এখনও ওই পেসারকে দলে ধরে রেখেছে। তাঁর মতে, হায়দরাবাদের প্রথম একাদশে উনাদকাটের কোনও স্থান হওয়া উচিত নয়।
আসন্ন মিনি নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি দল গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছে। লখনউ সুপার জায়ান্টস থেকে মহম্মদ শামির রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। গত মরশুমে লখনউয়ের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন শামি। অন্যদিকে, হর্ষল প্যাটেল হায়দরাবাদ ছেড়ে কম দামে গুজরাট টাইটান্সে যেতে পারেন বলে খবর। তবে উনাদকাটকে রেখে দেওয়া নিয়ে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সমালোচনা করেছেন ১৯৮৩ সালের বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত।
শ্রীকান্তের আরও দাবি, উনাদকাট এবং টি নটরাজনের মধ্যে বিশেষ ফারাক নেই। এই ধরনের ক্রিকেটাররা কেবল আইপিএলই খেলে থাকেন, বছরের বাকি সময় তাঁদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায় না বলে তাঁর মত। হর্ষল প্যাটেল গুজরাটে গেলেও তাঁকে শুরুতে প্রথম একাদশে সুযোগ দেওয়া নাও হতে পারে বলে মনে করছেন তিনি।