RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

গ্রামীণ স্বাস্থ্যে পরিকাঠামোর অভাব, পরিদর্শনে গিয়ে জানাল স্ট্যান্ডিং কমিটি

বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে কর্মী ও চিকিৎসকের অভাবের ছবি দেখল।

রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসক ও কর্মীর ঘাটতি রয়েছে বলে জানাল বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শনিবার পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন কমিটির সদস্যরা। রায়না, মঙ্গলকোট ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ঘুরে তাঁরা দেখেন, বহু স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি থাকলেও প্রশিক্ষিত কর্মীর অভাবে সেগুলি চালু করা যাচ্ছে না। অনেক জায়গায় নতুন ভবন বা শয্যা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হাসপাতালগুলি থেকে রোগী রেফার করার প্রবণতা বাড়ছে বলে কমিটি জানিয়েছে।

স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দুর্গা মুর্মু জানান, আগের সরকারের আমলে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা উন্নত করলে জেলা হাসপাতালগুলিতে চাপ কমবে বলে তিনি মত প্রকাশ করেন।

পরিদর্শনের পর জেলাশাসক শ্বেতা আগরওয়াল ও পুলিশ সুপার এম এস পুষ্পা সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। প্রয়োজনীয় স্থানে সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। এই পরিদর্শনের পর একটি পূর্ণাঙ্গ রিপোর্ট মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।