RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে আসছে সরকারি বাতানুকূল স্লিপার ভলভো বাস

যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে দূরপাল্লার রুটে সরকারিভাবে বিলাসবহুল বাতানুকূল স্লিপার ভলভো বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর।

দূরপাল্লার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার রাস্তায় নামতে চলেছে সরকারি বাতানুকূল স্লিপার ভলভো বাস। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে খুব শীঘ্রই এই বিলাসবহুল বাসগুলি পরিষেবা শুরু করবে। প্রাথমিকভাবে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এসবিএসটিসি-র জন্য চারটি স্লিপার বাস ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এই বাসগুলি কসবা বাস ডিপোতে রাখা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, দূরপাল্লার রুটে বেসরকারি স্লিপার বাসের বাড়তি ভাড়ার জেরে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি স্লিপার বাস চালুর। সেই চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ভলভো বাসগুলির রুট এখনও চূড়ান্ত না হলেও কলকাতা থেকে পুরী, শিলিগুড়ি, বালুরঘাট কিংবা দুর্গাপুর ও পুরুলিয়ার মতো রুটগুলি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। প্রতিটি স্লিপার বাসে প্রায় ৪০ জন যাত্রী শোওয়ার ব্যবস্থায় যাতায়াত করতে পারবেন। পরিবহন দপ্তর সূত্রে খবর, একটি স্লিপার এসি ভলভো বাসের দাম প্রায় দু’কোটি টাকা এবং সাধারণ ভলভো বাসের দাম প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা। বাসগুলির নকশায় বাংলার সংস্কৃতির ছোঁয়া রাখা হয়েছে এবং হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

তবে দূরপাল্লার এই বাসগুলিতে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে ভাবনায় পড়েছেন দপ্তরের আধিকারিকরা। অনেক সময় অনলাইনে আসন বুক করার পর যাত্রীরা না আসায় বাস ফাঁকা ছোটে। নতুন এই সরকারি স্লিপার বাস চালু হলে বেসরকারি বাসগুলির মাত্রাতিরিক্ত ভাড়াও আয়ত্তের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।