RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

মুম্বইয়ের আদলে গঙ্গাতীরে চার লেনের হাইওয়ে, বড় পরিকল্পনা রাজ্যের

মুম্বইয়ের মেরিন ড্রাইভের মতো হাওড়া ও কলকাতার গঙ্গার ধারে চার লেনের হাইওয়ে এবং মেট্রো চালুর পরিকল্পনা করল রাজ্য সরকার।

মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে হাওড়া ও কলকাতার গঙ্গার ধার ঘেঁষে চার লেনের হাইওয়ে তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি গঙ্গার ঘাটগুলির আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি গঙ্গার ঘাট ও তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই এবং দুই পুর কমিশনার সহ আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটগুলিতে আধুনিক মানের চেঞ্জিং রুম, বায়ো টয়লেট, পর্যাপ্ত আলো, ওয়াচ টাওয়ার এবং মাইকিং সিস্টেম তৈরি করা হবে। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে এবং জরুরিকালীন নম্বর ঝুলিয়ে দেওয়া হবে।

পাশাপাশি গঙ্গা তীরবর্তী এলাকার উন্নয়নে একটি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষর করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, হাওড়া ও কলকাতার দুই দিকেই চার লেনের হাইওয়ে গড়ার পরিকল্পনা রয়েছে। যার নিচে মেট্রো চলাচল, সাইকেল ট্র্যাক এবং হাঁটার রাস্তা রাখার ভাবনাও চলছে।

ইতিহাস বিজড়িত ঘাটগুলির মূল কাঠামো অপরিবর্তিত রেখেই এই দীর্ঘ এলাকা জুড়ে সৌন্দর্যায়ন ও উন্নয়ন করা হবে। একাধিক দপ্তর মিলে এই কাজ করবে বলে জানিয়েছে রাজ্য সরকার।