RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

প্লাস্টিক বর্জ্যের বদলে পিৎজা ও চিকেন ফ্রাই, অভিনব উদ্যোগ রাজ্যের

প্লাস্টিক বর্জ্য জমা দিলে ছোটদের পিৎজা ও চিকেন ফ্রাই দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার।

পরিবেশ রক্ষায় এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীন সুডার পক্ষ থেকে রাজ্যে বিশেষ ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলিতে বর্জ্য প্লাস্টিক জমা দিলে সাধারণ মানুষ কাপড়ের ব্যাগ পাবেন। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এই পদক্ষেপ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ছোটদের প্লাস্টিক বর্জ্য প্রদানে আগ্রহী করতে আকর্ষণীয় খাবারের লোভ দেওয়া হচ্ছে। শিশুরা যদি এক কেজি ওজনের প্লাস্টিক জমা দেয়, তবে তাদের একটি পিৎজা দেওয়া হবে। এছাড়া অর্ধেকাংশ বা হাফ কেজি প্লাস্টিক দিলে মিলবে চিকেন ফ্রাই। ছোটদের আকর্ষণ করার জন্যই এই খাবারগুলি বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পাশাপাশি পুরোনো পোশাক পুনর্ব্যবহার করে নতুন পণ্য তৈরির জন্য দুটি আলাদা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষ সেখানে পুরনো কাপড় জমা দিতে পারবেন। সেই সামগ্রীগুলিই ওই দোকান থেকেই বিক্রি করা হবে। এর বাইরেও গরিব মানুষের জন্য দুপুরে বিনামূল্যে ভালো খাবারের ব্যবস্থা এবং ব্যক্তিগত মালিকানাধীন পুকুর উন্নয়নের আওতায় আনার কথাও জানানো হয়েছে। আসানসোলের ছিন্নমস্তা পুকুরের সংস্কারের কাজ ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে।