RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আদানির থেকে বিদ্যুৎ কিনবে রাজ্য, ২৫ বছরের চুক্তি সই

রাজ্যে বিদ্যুৎ ঘাটতি মেটাতে গৌতম আদানির সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে প্রশাসন, আগামী আড়াই দশকে মিলবে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। গৌতম আদানির সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থার মাধ্যমেই এই বিদ্যুৎ বন্টিত হবে। সূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেড আগামী আড়াই দশক ধরে মোট আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জোগান দেবে। রাজ্য প্রশাসনের আশা, এর ফলে বিদ্যুৎ ঘাটতির সমস্যা অনেকটাই দূর হবে।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের সঙ্গে এই চুক্তি সরকারি ও বেসরকারি খাতের যৌথ সহযোগিতার পথ প্রশস্ত করেছে। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পরিবেশবান্ধব শক্তি সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা বিশেষ ভূমিকা পালন করছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়ায় তাঁরা সন্তুষ্ট এবং কাজের পরিধি আরও প্রসারিত হবে বলে তাঁরা মনে করছেন।

প্রশাসন সূত্রে প্রকাশ, ২০২৮ সালের জুলাই মাস থেকে প্রথম পর্যায়ে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এরপর ২০২৯ সালে দ্বিতীয় পর্যায়ে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। এই পুরো প্রক্রিয়ায় সৌরশক্তি, বায়ুশক্তি এবং ব্যাটারিচালিত শক্তি ব্যবহার করা হবে। উৎপাদনের পাশাপাশি স্মার্ট মিটার বসানোর কাজও করবে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা। এই বিদ্যুৎ কেবল সাধারণ মানুষের ঘরে নয়, শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও ব্যবহার করা হবে।