RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিবাদী বাগে বসল প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি, উপস্থিত ছিলেন সব দলের নেতারা

কলকাতার বিবাদী বাগে উন্মোচিত হল প্রয়াত রাজনৈতিক নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি, অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

কলকাতার বিবাদী বাগে স্থাপিত হল কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির পাথরের মূর্তি। শুক্রবার এই মূর্তি স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে একমঞ্চে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সব মহলের মানুষের কাছে তিনি যে সমাদৃত ছিলেন, এদিন তার পুঙ্খানুপুঙ্খ স্মৃতিচারণ করেন অতিথিরা।

গণ সংস্কৃতি পরিষদ কমিটির সদস্য তথা দীপা দাসমুন্সির প্রাক্তন সচিব তরুণ চক্রবর্তীর ওপর মূর্তি নির্মাণের দায়িত্ব ছিল। তাঁর তত্ত্বাবধানে রাজস্থানের জয়পুর থেকে এই মূর্তি তৈরি করা হয়েছে। একটুকরো মার্বেল পাথর কেটে মূর্তিটি বানাতে সময় লেগেছে প্রায় এক বছর। প্রিয়রঞ্জনের উচ্চতা অনুযায়ী মূর্তিটির মাপ রাখা হয়েছে পাঁচ ফুট দুই ইঞ্চি। মূর্তিটি তৈরি হওয়ার পর তা ট্রাকে করে কলকাতায় আনতে সময় লেগেছে তিন দিন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুজন চক্রবর্তীর মতো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রিয়রঞ্জনের সঙ্গে তাঁদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন তাঁরা। অনুষ্ঠানে গণ সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে একটি স্মৃতি সংকলনও প্রকাশিত হয়, যার প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী সমীর আইচ। মূর্তির রক্ষণাবেক্ষণের জন্য এর ওপরে একটি শেড দেওয়ার প্রস্তাব দিয়েছেন মদন মিত্র। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানিয়েছেন, মূর্তি নিয়মিত পরিষ্কার রাখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।