পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
সিউড়ি থানায় হাজিরা টুলুর, জেরা শুরু সিআইডি ও বীরভূম জেলা পুলিশের
আত্মীয়ের বাড়ি থেকে নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল।
আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় সিউড়ি থানায় হাজিরা দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। শনিবার দুপুরে আইনজীবীদের সঙ্গে নিয়ে তিনি থানায় পৌঁছন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। শীর্ষ আদালতের থেকে রক্ষাকবচ পাওয়ার পর ভারত ফেরেন তিনি।
এর আগে শুক্রবার ভবানীভবনে সিআইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন টুলু। সেখানে তাঁকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিসিআর দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় তাঁর নাম জড়িয়েছে। তাঁর ম্যানেজার তথা আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ পাঁচ কোটি টাকা এবং সোনা উদ্ধার হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলুর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই সুরক্ষার মেয়াদ থাকাকালীনই তিনি দেশে ফিরে তদন্তকারীদের মুখোমুখি হন। এই দুর্নীতির ঘটনায় এখনও পর্যন্ত চারজন সরকারি আধিকারিকসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে টুলুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।