পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
আবাস যোজনার ভুয়ো উপভোক্তা নিয়ে কড়া বার্তা, টাকা ফেরানোর ডেডলাইন
আবাস যোজনার ভুয়ো উপভোক্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যাচাই প্রক্রিয়ায় ৫৭ হাজার ভুয়ো প্রাপকের সন্ধান মিলেছে। এই ঘটনায় প্রয়োজনে সিআইডি তদন্ত বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। যারা বেআইনিভাবে এই প্রকল্পের টাকা নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, অযোগ্য প্রাপকদের মধ্যে ১২ হাজার জনের মধ্যে ১ হাজার জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার জনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে বলে জানান তিনি।
শুভেন্দু অধিকারী আরও জানান, বিগত সরকারের আমলে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছিল। গরিব মানুষের উপকারের বদলে স্বজনপোষণ এবং কাটমানির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান সরকার রাজনৈতিক বৈষম্য না রেখে প্রকৃত উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দিচ্ছে বলে দাবি করেন তিনি।