RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

নেপালে জোরালো ভূমিকম্প, কম্পন অনুভূত উত্তরবঙ্গ ও সিকিমেও

মঙ্গলবার সকালে নেপালে হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সিকিম, ক্ষয়ক্ষতির খবর নেই।

মঙ্গলবার সকালে নেপালে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই কম্পন হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এই কম্পন তৈরি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র অবশ্য কম্পনের মাত্রা ৫.৬ বলে জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, তাপলেজুং জেলার ওলাংচুং গোলার কাছে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

এই কম্পনের প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এছাড়া সিকিম, বিহার ও মেঘালয়ের কিছু অংশেও ভূকম্পন টের পাওয়া গিয়েছে। কম্পনের জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বহুতল ও বসতবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সকালের দিকে এই ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।

তবে এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। উল্লেখ্য, গত ১২ নভেম্বরও নেপালের কোশি প্রদেশে ভূমিকম্প হয়েছিল।