RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজারহাটে বাগানবাড়ি থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, খতিয়ে দেখছে পুলিশ

রাজারহাটের একটি বাগানবাড়ি থেকে কানে ইয়ারফোন গোঁজা অবস্থায় এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

রাজারহাটের আটঘরা এলাকায় একটি বাগানবাড়ি থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের কানে ব্লুটুথ ইয়ারফোন গোঁজা ছিল। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বর্ষণ জানা। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ওই বাগানবাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। গত মঙ্গলবার রাতে এক বন্ধুর সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন তিনি। বুধবার সকালে ঘুম ভেঙে ওই বন্ধু দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো।

এরপর প্রতিবেশীদের ডেকে দরজা খোলা হয়। বাগানবাড়ির একটি গাছ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় তিনি কারও সঙ্গে কথা বলছিলেন কিনা, তা জানতে মোবাইল বাজেয়াপ্ত করে কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। নিহতের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মানসিক অবসাদ বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।