RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

নেটফ্লিক্সের সিরিজের বিরুদ্ধে আইনি নোটিস, ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাইলেন সুকেশ

ওটিটিতে নিজের জীবন নিয়ে তথ্যচিত্র তৈরির ঘোষণা হতেই নেটফ্লিক্সকে আইনি নোটিস পাঠালেন আর্থিক জালিয়াতি মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।

আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশের জীবন নিয়ে ওয়েব সিরিজ তৈরির ঘোষণা করেছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেই ঘোষণা প্রকাশ্যে আসার পরেই আইনি নোটিস পাঠিয়েছেন জেলবন্দি সুকেশ। ৭২ ঘণ্টার মধ্যে সেই নোটিসের জবাব চাওয়া হয়েছে এবং সিরিজটির সম্প্রচার বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে।

আইনজীবী মারফৎ পাঠানো ওই নোটিসে দাবি করা হয়েছে, এই তথ্যচিত্রটি একপেশে এবং জনসমক্ষে বিচারের শামিল। সুকেশের বক্তব্য না শুনেই সিরিজটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ। বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত তথ্য ও সাক্ষ্যপ্রমাণ সামনে আসার আগে এই সিরিজটি যেন মুক্তি না দেওয়া হয়, সেই আবেদনও রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে।

উল্লেখ্য, ২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন সুকেশ। জেল থেকেই বিভিন্ন সময়ে একাধিক উপহার ও দাবির মাধ্যমে তিনি খবরের শিরোনামে এসেছেন। তাঁর ও এক বলিউড অভিনেত্রীর সম্পর্কের নানা কথা এই সিরিজে তুলে ধরা হতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এই আইনি নোটিসের বিষয়ে ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।