পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ডায়মন্ড হারবারে টাকা উদ্ধার কাণ্ড, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে সুমিতের স্ত্রী
ডায়মন্ড হারবারে পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে হাই কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানালেন সুমিত রায়ের স্ত্রী।
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশি হেনস্তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর দাবি, স্বামীর উপর অত্যাচার চালানো হচ্ছে এবং পুরো ঘটনাটি সাজানো। এই ঘটনার সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ দল গঠনের আর্জি জানিয়েছেন তিনি। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের একটি পার্টি অফিস থেকে এক কোটি টাকার বেশি উদ্ধার হয়। তদন্তকারীদরে দাবি, সুমিতকে জেরা করেই এই টাকার খোঁজ মিলেছে। যদিও পুলিশি এই দাবি আগেই নাকচ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবেদনে সুস্মিতা জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থের সঙ্গে তাঁর স্বামীর কোনো সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, জোর করে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চলছে। স্বামীর নিরাপত্তার দাবি জানিয়ে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করেছেন তিনি।
উল্লেখ্য, শালবনির একটি জমি দুর্নীতি মামলায় সুমিতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর জামিনের আবেদন আগেই খারিজ হয়েছে। এর মধ্যেই নতুন করে হাই কোর্টে গেলেন তাঁর স্ত্রী।