RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

বিরাটের সেঞ্চুরি নিশ্চিত করার চাপ, বিস্ফোরক মন্তব্য সুনীল গাভাসকরের

বিরাট কোহলির সেঞ্চুরি নিশ্চিত করতে গিয়ে ভারতীয় দলের অন্য ব্যাটারদের স্বাভাবিক খেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করলেন সুনীল গাভাসকর।

বিরাট কোহলির শততম সেঞ্চুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। একটি সংবাদমাধ্যমে কলাম লিখতে গিয়ে তিনি জানান, বিরাটের সেঞ্চুরি নিশ্চিত করতে গিয়ে দলের অন্য ব্যাটারদের স্বাভাবিক খেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাভাসকরের মতে, ভারতীয়রা রেকর্ড পছন্দ করে এবং প্রত্যেকেই চায় বিরাট কোহলি তাঁর একশোতম সেঞ্চুরি সম্পূর্ণ করুন। তবে তিনি উল্লেখ করেন, বিরাট যখন ক্রিজে থাকেন এবং তাঁর শতরানের সুযোগ থাকে, তখন শুভমান গিল বা শ্রেয়স আইয়ারের মতো ব্যাটারদের উপর বাড়তি চাপ তৈরি হয়। সেই সময়ে তারা নিজেদের মতো করে খেলতে পারেন না। একটি রান নিলেও তাঁদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যায় যে তাঁরা বিরাটের সেঞ্চুরি আটকানোর চেষ্টা করছেন।

দলের জয় নাকি বিরাটের মাইলস্টোন—কোন বিষয়টিকে প্রাধান্য দেওয়া উচিত, তা নিয়ে ক্রিকেটারদের মনে একটা দোনোমোনো কাজ করে বলে মনে করেন গাভাসকর। তাঁর কথায়, দ্রুত জয় নিশ্চিত করা প্রয়োজন নাকি আগে ব্যক্তিগত মাইলস্টোন তৈরি করা দরকার, এই দোটানার জেরে তরুণ ব্যাটারদের ব্যাটিংয়ের ক্ষতি হতে পারে। তবে তিনি এও জানান, বিরাটের সেঞ্চুরি পূরণের জন্য সতীর্থরা আত্মত্যাগ করলে ক্রিকেটপ্রেমীরা খুশিই হন।