ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সুপ্রিম কোর্টে ব্যতিক্রমী ঘটনা, বিচারপতি আমানুল্লার বেঞ্চ থেকে মামলা সরালেন CJI
প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রবীণ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চ থেকে দুটি মামলা সরিয়ে নিয়েছেন।
দেশের সুপ্রিম কোর্টে একটি ব্যতিক্রমী ঘটনায় বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা নেতৃত্বাধীন বেঞ্চের কাছ থেকে দু’টি মামলা সরিয়ে নিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রবীণ বিচারপতিদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতিই আদালতের ‘মাস্টার অফ দ্য রস্টার’। কোন বেঞ্চ কোন মামলার শুনানি করবে, তা তিনিই নির্ধারণ করেন। সাধারণত কোনও বেঞ্চে মামলা শুরু হলে তা সেখান থেকে সরানো হয় না, যা এক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে ঘটল। ওয়াকিবহাল মহলের দাবি, ব্যক্তিগত বিরোধের বিষয়গুলিকে দেশব্যাপী জনস্বার্থ মামলায় রূপান্তরিত করতে চেয়েছিল ওই বেঞ্চ।
যে দু’টি মামলা সরানো হয়েছে, তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংক্রান্ত এবং অন্যটি বেআইনি নির্মাণ ও আবাসিক সম্পত্তি বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে। এর আগে গত মাসে পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, এক্তিয়ারের বাইরে গিয়ে নিজ দায়িত্বে বিচার করতে পারবেন না বিচারপতিরা।
প্রথম মামলাটি ছিল আমেটি ইউনিভার্সিটির বিরুদ্ধে এক ছাত্রীর হয়রানির অভিযোগ সংক্রান্ত। সেই মামলার শুনানি করতে গিয়ে দেশের সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলাটি সরিয়ে বিচারপতি এওয়াই নাথ নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে পাঠানো হয়েছে। দ্বিতীয় মামলাটি ছিল তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে অনুমোদিত নির্মাণ ও আবাসিক সম্পত্তি বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ নিয়ে। মামলাটি এখন বিচারপতি বিভি নাগরত্ন নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।