RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, পুরভোট নিয়ে বাড়ল অনিশ্চয়তা

কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।

কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুরনিগমের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন রাখল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, ওয়ার্ড বাড়ানোর এই সিদ্ধান্ত আসলে কার ছিল। রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন না তুললেও সঠিক পদ্ধতি মানা হয়েছিল কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে শীর্ষ আদালত।

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী পক্ষ। কলকাতা হাই কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ও পুরনিগম।

সোমবার শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়, পুরনিগমের সুপারিশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে পুরনিগমের তরফে জানানো হয় সিদ্ধান্তটি সম্পূর্ণ রাজ্যের। তখন আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, পুরসভায় যখন নির্বাচিত মেয়র বা মেয়র পারিষদ ছিলেন না, তখন প্রশাসক কীভাবে এই সুপারিশ করলেন। তাঁর সেই ক্ষমতা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, আপত্তির জন্য সময় দেওয়া হয়েছিল এবং বহু চিঠি জমা পড়েছিল। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। ফলে আপাতত কলকাতা সহ অন্যান্য পুরসভার নির্বাচন নিয়ে ধোঁয়াশা বজায় রইল।