RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আদালত অবমাননা মামলায় স্বস্তি, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট।

আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই সময় হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। তৎকালীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সেই ঘটনার পর বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনজীবীদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আনেন।

এই ঘটনার জেরে হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে কুণালের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী। উভয় পক্ষের শুনানির পর শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে।