RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বাবার শিল্প বাঁচিয়ে জগদ্ধাত্রী শহর সাজাচ্ছেন মেয়ে সুস্বেতা

বাবার মৃত্যুর পর তাঁর ঐতিহ্য বজায় রেখে আলোকশিল্পের কাজ এগিয়ে নিয়ে চলেছেন মেয়ে সুস্বেতা পাল।

প্রয়াত আলোকশিল্পী বাবু পালের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর মেয়ে সুস্বেতা পাল। ২০২১ সাল থেকে বাবার সঙ্গে কাজে হাত লাগিয়েছিলেন তিনি। ২০২৪ সালে বাবু পালের মৃত্যুর পর ব্যবসা ও শিল্প বাঁচানোর দায়িত্ব নেন সুস্বেতা ও তাঁর মা চিত্রলেখা পাল।

বর্তমানে আধুনিক প্রযুক্তির ১২ ভোল্টের ডিসি ল্যাম্প ব্যবহার করে আলোকসজ্জা তৈরি করছেন তাঁরা। পুরনো শিল্পীদের পরামর্শ ও কর্মীদের সাহায্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন মা-মেয়ে। তাদের ওয়ার্কশপে প্রায় ১০ জন কর্মী কাজ করছেন।

এ বছর দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও তাঁদের তৈরি আলোকসজ্জার বরাত এসেছে। চন্দননগরের বাগবাজার বারোয়ারি এবং হিন্দুস্তান ক্লাবের পাশাপাশি ভিন জেলা ডায়মন্ড হারবার ও দিল্লিতেও পৌঁছে গিয়েছে তাঁদের কাজ। চন্দননগরের আলোকশিল্পের ইতিহাসে প্রথম মহিলা শিল্পী হিসেবে তাঁরা এই কাজ করছেন বলে জানা গিয়েছে।