RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক, ইতিবাচক বার্তার পর ভিক্ট্রি সাইন মুখ্যমন্ত্রীর

দিল্লিতে সুকান্ত মজুমদারের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আসন্ন আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে একটি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব, নিশিকান্ত দুবে এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসিমুখে ভিক্ট্রি চিহ্ন দেখান।

তৃণমূল থেকে বেরিয়ে আসা ২০ জন সাংসদ নিজেদের এনসিপিআই সাংসদ হিসেবে ঘোষণা করেছেন। তবে সংসদীয় দলের মর্যাদা এখনও তাদের রয়েছে। আগামী সোমবার সংসদে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার কথা। এই বিলগুলির ক্ষেত্রে এই ২০ জন সাংসদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী তাঁদের দিশা দেখিয়েছেন এবং এনডিএ শরিক হিসেবে তাঁরা এগিয়ে চলবেন। প্রসঙ্গত, মোদি সরকারের এই বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। লোকসভায় বিল পাশ করাতে লাগবে ৩৫৮টি ভোট। এই পরিস্থিতিতে এনডিএ-র বর্তমান আসন সংখ্যা ৩২১। ফলে এই অতিরিক্ত সাংসদদের সমর্থন বিলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন পদের পাশাপাশি নিরামিষাশী ভুপেন্দ্র যাদবের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সোমবার দুপুরে বঙ্গভবনেও তাঁদের মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে।