RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শুভেন্দুর মন্তব্য ঘিরে বিতর্ক, নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ছটপুজোর অনুষ্ঠান থেকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে নিজের নিরাপত্তা ও নথি সুরক্ষা নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নাস্তিক কমিউনিস্ট এবং জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব, ছটপুজোর একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, কমিউনিস্টরা ৩৪ বছর ধরে সনাতনী পরম্পরাকে মানেনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

অন্য একটি ঘটনায়, নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর মাধ্যমে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে একটি ইমেল পাঠানো হয়েছে। অভিষেকের দাবি, তাঁর বাড়ির গেটের সামনে বুলডোজার চালানো হয়েছে, লোহার গেট কাটা হয়েছে এবং সেন্ট্রি কিওস্ক ভাঙা পড়েছে।

ইমেলে আরও অভিযোগ করা হয়েছে যে কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি চালানো হচ্ছে এবং হামলা চলছে। প্রতীক সংক্রান্ত মামলার নথি ছিনিয়ে নেওয়া, নষ্ট করা বা বিকৃত করার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আগামী ২০ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নথি জমা দেওয়ার শেষ দিন। ইতিমধ্যে অন্য একটি পক্ষ নথি জমা দিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।