RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সুইমিং পুল খালি করে বিয়ের আসর, কালনায় তুঙ্গে বিতর্ক

শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের জল বের করে বিয়ের মঞ্চ বাঁধার ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে কালনায়।

শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সুইমিং পুলের জল বের করে সেখানে বিয়ের মঞ্চ বাঁধার অভিযোগ উঠল কালনায়। এই ঘটনায় এলাকায় তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। কালনা পুরসভা পরিচালিত পুরাতন বাসস্ট্যান্ডের ওই সুইমিং পুলে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

সোশাল মিডিয়ায় বিয়ের আসরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। পাত্রীপক্ষ সুইমিং পুল ব্যবহারের অনুমতি সংক্রান্ত কোনও সদুত্তর দিতে পারেনি। এরপর বিধায়ক পাত্রীপক্ষকে সতর্ক করেন।

বিধায়ক সিদ্ধার্থ মজুমদার জানান, ছোটদের সাঁতার শেখার সুইমিং পুল খালি করে বিয়ের মঞ্চ বাঁধা নিয়মবিরুদ্ধ। তবে মেয়ের বিয়ে আজই থাকায় এবারে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশিকা জারি করা হবে বলে তিনি জানান।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সুইমিং পুলের আশেপাশের এলাকা বা ইনডোর অনুষ্ঠানেন জন্য ভাড়া দেওয়া হলেও, বাচ্চাদের সাঁতারের পুল ব্যবহারের অনুমতি থাকে না। নিয়ম লঙ্ঘন করে জল বের করে মঞ্চ তৈরির এই ঘটনায় পুরসভার গাফিলতি রয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। যদিও এ বিষয়ে পাত্রীপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।